রানিগঞ্জে পুলিশের বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা, আটক গাড়ি
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রানিগঞ্জে ফের বড়সড় সাফল্য পুলিশের। শনিবার গভীর রাতে রানিগঞ্জ থানার অন্তর্গত এনএসবি রোড এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রানিগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ আনুমানিক ১ কুইন্টাল ৬৭ কিলোগ্রাম বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার গভীর রাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভিতরে ছোট ছোট প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পরে সেগুলিকে ১৪টি বস্তায় ভরে বাজেয়াপ্ত করা হয়। পুলিশ গাড়িটিকেও আটক করেছে।














তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো থাকলেও, গাড়ির ভিতর থেকে ওড়িশার একটি ভুয়ো নম্বর প্লেট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে।অভিযানের সময় গাড়ির চালক ও তার এক সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যেই গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানায় , উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার বিশেষ দল।জানা গেছে, সাম্প্রতিক সময়ে রানিগঞ্জ ও আশপাশ এলাকায় মাদক পাচারের ঘটনা বেড়ে চলেছে। পুলিশের এই বড়সড় অভিযানের ফলে একদিকে যেমন পাচার চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হলো বলে দাবি পুলিশ প্রশাসনের।

