তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* তোলাবাজি, সন্ত্রাস আর সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে এবার গ্রেফতার হলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি শতদ্বীপ ঘটক। তিনি দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকার বাসিন্দা। অভিযোগ, তার মদতে দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল । বিজেপি কর্মীদের হুমকি দেওয়া এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের সময় বিরোধী কর্মীদের উপর চাপ সৃষ্টি করে গণতন্ত্রকে স্তব্ধ করার চেষ্টার অভিযোগও সামনে আসে। এলাকায় বহু মানুষ অভিযোগ করলেও এতদিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।














এদিকে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্য পুলিশকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনশৃঙ্খলা রক্ষায় কোনও রকম রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তারপর থেকেই বিভিন্ন জেলায় একের পর এক অভিযানে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ও তোলাবাজি সহ অসামাজিক কাজকর্মের অভিযোগে তৃণমূলের প্রধান, উপপ্রধান, ব্লক সভাপতিরা গ্রেফতার হচ্ছেন।
সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে অভিযান চালিয়ে শতদ্বীপ ঘটককে গ্রেফতার করে ফরিদপুর থানার পুলিশ। এই গ্রেফতারিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে , ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।এদিকে, থানা থেকে বেরিয়ে ও আদালতে ঢোকার সময় ধৃত তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, ২০২১ সালের কোন অভিযোগের ভিত্তিতে আমাকে গ্রেফতার করা হয়েছে। ঐ সময় আমার বাবা মারা গেছিলেন। আমি শোকের মধ্যে ছিলাম। তার আরো বক্তব্য, এখন রাজ্য জুড়ে কি হচ্ছে সবাই দেখছেন। নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশে এমন হচ্ছে। এদিন ধৃতকে যখন আদালতে পেশ করা হচ্ছিলো, তখন এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ” চোর চোর ” বলে স্লোগান দেন। যা নিয়ে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

