ASANSOL

ইএসআইয়ের টাকা কাটা হলেও মিলছে না চিকিৎসা আহত শ্রমিককে নিয়ে রানিগঞ্জে জুট মিলে কর্মবিরতি ও বিক্ষোভ

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ কাগজে কলমে প্রতি মাসে শ্রমিকদের বেতন থেকে ইএসআইয়ের জন্য অর্থ কাটা হলেও, দুর্ঘটনার পরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এমনই অভিযোগ তুলে সোমবার কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন রানিগঞ্জের মঙ্গলপুরে হুগলী জুট মিলের শ্রমিকরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার জুট মিলে শ্রমিক আনন্দ বাগদি কর্মরত অবস্থায় গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তাঁর হাতের একটি আঙুল কেটে যায়। এরপর তাঁকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা মিলছে না বলে অভিযোগ তুলেছেন তার সহকর্মীরা।


এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই শ্রমিকরা কাজ বন্ধ রেখে জুট মিল চত্বরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রতি মাসে বেতন থেকে নিয়মিত ইএসআইয়ের টাকা কাটা হলেও, প্রয়োজনের সময় হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত মিলছে না। কেন ইএসআই হাসপাতালে আহত শ্রমিকের যথাযথ চিকিৎসা হচ্ছে না, তারও জবাব দাবি করেন বিক্ষোভকারীরা।
শ্রমিকদের একাংশের দাবি, এই পরিস্থিতির জন্য জুট মিল কর্তৃপক্ষের গাফিলতিও দায়ী। যদিও এই অভিযোগের বিষয়ে জুট মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিনের এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভরত শ্রমিকদের দাবি, আহত শ্রমিক আনন্দ বাগদির দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ইএসআই সংক্রান্ত সমস্ত জটিলতার অবিলম্বে সমাধান করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও শ্রমিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। না হলে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারী দিয়েছেন জুট মিলের শ্রমিকরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *