ASANSOL

আসানসোলে রাস্তায় নেমে পার্কিং ব্যবস্থা দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পুলিশকে দিলেন একগুচ্ছ নির্দেশ

*বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল শহরের জিটি রোডে মুল বাজার সংলগ্ন এলাকার প্রধান সমস্যা হলো পার্কিং। তার সঙ্গে রয়েছে যত্রতত্র গাড়ি, অটো, টোটো ও বাস দাঁড় করিয়ে রাখা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার দুপুরে আচমকাই আসানসোল পুরনিগমে বৈঠক শেষ করে জিটি রোডের পুরনিগম মোড়ে গাড়ি থেকে নেমে পড়েন। সেখান থেকে তিনি বাজার লাগোয়া জিটি রোডের পার্কিং জোন পরিদর্শন শুরু করেন । বাজার এলাকায় ফুটপাত লাগোয়া পার্কিং জোন জুড়ে অবৈধ দখল দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

দ্রুত তা দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন।পরিদর্শনের সময় মন্ত্রী লক্ষ্য করেন, অবৈধ দখলের কারণে বাজার এলাকায় কার্যত পার্কিংয়ের কোনও জায়গা অবশিষ্ট নেই। ফলে সাধারণ মানুষকে রাস্তার ধারে গাড়ি রাখতে হচ্ছে, যার জেরে প্রতিদিনই তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এদিন তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ ট্রাফিক গার্ডের পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে হটন রোড মোড় পর্যন্ত এলাকা হেঁটে পরিদর্শন করেন।

এই পরিদর্শনের সময় মন্ত্রী আসানসোল সিটি বাসস্ট্যান্ডের বাইরে জিটি রোডে দেখেন, বহু মিনিবাস ও বড় বাস বাসস্ট্যান্ডের বাইরে জিটি রোডে দাঁড় করিয়ে যাত্রী তুলছে ও নামাচ্ছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই জিটি রোডে নিয়মিত যানজট তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি কড়া অবস্থান গ্রহণ করেন এবং নির্দেশ দেন, বাসস্ট্যান্ড থেকে ছাড়ার আগেই বাসে যাত্রী তোলা সম্পূর্ণ করতে হবে।

বাইরে দাঁড় করিয়ে কোনভাবে যাত্রী তোলা চলবে না।মন্ত্রীর সামনেই এদিন ট্রাফিক গার্ড পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে নিয়মভঙ্গ করে দাঁড়িয়ে থাকা চাকা-লক (চেন) লাগিয়ে দেয় এবং আইনানুগ পদক্ষেপ শুরু করে।পরিদর্শন শেষে তিনি বলেন, পার্কিংয়ের সুবন্দোবস্ত না থাকার কারণে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। ফুটপাত দখলের পরে, তার পেছনের জায়গাটিও দখল হয়ে যাচ্ছে। যার ফলে মানুষের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।

পার্কিংয়ের জন্য জায়গা থাকছে না বলে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল শহরকে ঢেলে সাজাতে পার্কিংয়ের অত্যন্ত প্রয়োজন। তাই পার্কিংয়ের জন্য জায়গা দেখা হচ্ছে। এরই সাথে তিনি বলেন, বাসগুলি রাস্তায় নিয়ে এসে খালাসি ও কনডাক্টর প্যাসেঞ্জার তুলছে। তারা করতে পারে না। বাসস্ট্যান্ডের ভেতরে প্যাসেঞ্জার তুলে তারা রাস্তায় নামবে এবং রাস্তাতে কোন প্যাসেঞ্জার তোলা যাবে না কারণ তার ফলে যানজট হচ্ছে। শহরের সৌন্দর্যায়ন ও যানজট কমাতে স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে এদিন জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *