পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়:* প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার রতিবাটি এলাকায়। অভিযোগের তির জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির ছেলে পবিত্র বাউরির দিকে। এলাকার উত্তেজিত বাসিন্দারা রাতে জেলা সভাধিপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন। করা হয় ভাঙচুর। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ এলাকায় আসে। স্থানীয়দের অভিযোগ, পবিত্র বাউরি ঐ এলাকার এক প্রতিবেশী গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়














। বুধবার রাতে উত্তেজিত গ্রামবাসীরা জেলা সভাধিপতির বাড়ির সামনে জড়ো হন। বিক্ষোভকারীরা পবিত্র বাউরিকে দোষী সাব্যস্ত করে ওই গৃহবধূর সঙ্গেই বিয়ে দেওয়ার দাবি তোলেন।অভিযোগ বিক্ষোভের সময়, জেলা পরিষদের সভাধিপতির পরিবারের সদস্যরা বাড়ির দরজা না খোলায় ক্ষুব্ধ জনতা বাড়ির দরজা ও জানালায় ভাঙচুর চালায়।গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জেলা সভাধিপতির বাড়ির সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদ মধ্যে বাকবিতণ্ডা হয়। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অভিযোগ নিয়ে জেলা পরিষদের সভাধিপতি বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানায়, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতির পরিবারের সদস্যদের সাথে কথা বলে অভিযোগ যাচাই করা হবে।


