সরাসরি ফোনে আসানসোলবাসীর কথা শুনছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী সমস্যার সমাধান ও অভিযোগ নিরসনে দিচ্ছেন আশ্বাস
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল পুরনিগমের বোর্ড ভাঙ্গার ২৪ ঘন্টার মধ্যেই তৎপর হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার সকাল দশটা থেকে আসানসোল পুরনিগমের পুর কমিশনারের চেম্বারে বসে লাইভ ফোন ইনে এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভাব, অভিযোগ ও সমস্যার কথা শুনছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরনিগম এলাকার সাধারণ মানুষ ফোনের মাধ্যমে নিজেদের অভিযোগ, সমস্যা বা গুরুত্বপূর্ণ পরামর্শ সরাসরি জানাচ্ছেন।














রাস্তা, নিকাশি, পানীয় জল, রাস্তার আলো, পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা নির্দিষ্ট সময়ের সমাধান ও নিরসনের আশ্বাস দিচ্ছেন মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। মন্ত্রী ফোন করা নাগরিকদের কাছ থেকে সমস্যার কথা শোনার আগে, তার ফোন নম্বরটি লিখে নিচ্ছেন।
তারপরে মন্ত্রী জানাচ্ছেন আসানসোল পুরনিগম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। একইসাথে তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী সহ অন্য পুর আধিকারিকরা।


