অন্ডালে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ইডির হানা, সকাল থেকে অন্ডালে চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাত সকালে পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাষ নগর এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হানা । কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ইডির আধিকারিকদের একটি দল ঐ এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে পৌঁছে যায়। তল্লাশি অভিযান শুরু করেন তারা।জানা গেছে, রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের প্রাক্তন বা অবসরপ্রাপ্ত কর্মী। সূত্রের খবর, অভিযানের সময় বাড়িতে থাকা বিভিন্ন আর্থিক নথি, সম্পত্তি-সংক্রান্ত কাগজপত্র এবং ব্যাংক লেনদেনের নথি খুঁটিয়ে পরীক্ষা করেন ইডি আধিকারিকরা।














তদন্তের স্বার্থে বেশ কিছু নথি ও রেকর্ডও তাঁরা নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানা গেছে।তবে এই তল্লাশি অভিযানের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি। যদিও এলাকার জোর জল্পনা, সম্ভবত কোনও আর্থিক অনিয়মের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে।

ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সুভাষ নগর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।এই খবর লেখা পর্যন্ত ইডির তল্লাশি অভিযান চলছে। অভিযানে আসা ইডির আধিকারিকরা সংবাদমাধ্যমকে উত্তর দিতে চাননি।


