দুর্গাপুরে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১০
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের অভিযান। সেই অভিযানেরই ভিত্তিতেই রবিবার দুর্গাপুর-ফরিদপুর থানার ইছাপুর মুসলিমপাড়ায় অবৈধ জুয়ার আসরে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ইছাপুর মুসলিমপাড়ায় প্রকাশ্যেই চলছিল অবৈধ জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, ওই জুয়ার ঠেকে শুধু এলাকার মানুষই নয়, বাইরের বিভিন্ন এলাকা থেকেও বহু লোকজন এসে জড়ো হচ্ছিল।














ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়ছিল এবং সাধারণ বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। একাধিকবার অভিযোগ উঠলেও জুয়ার আসর বন্ধ হচ্ছিল না। এরই মধ্যে গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালায় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেতেই জুয়ার আসরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে।
তবে পুলিশের তৎপরতায় পালানোর সুযোগ না পেয়ে ঘটনাস্থল থেকেই ১০ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ মুস্তাক, শেখ করিম, পবন সাহানি , বিক্রম মণ্ডল , রামপাল সিং , রবি দে, পিন্টু মিত্র , বৈদ্যনাথ দত্ত এবং মিলন দত্ত। ধৃতরা সকলেই দুর্গাপুর-ফরিদপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁদের হেফাজতের আবেদন জানায়। পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় এই ধরনের অবৈধ জুয়ার আসর যাতে আর না বসতে পারে, সেজন্য নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।


