ASANSOL

রেলপারের ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ২৫ নং ওয়ার্ডে রেলপারের ওকে রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার সকালে মহঃ আসিফ খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
আসানসোল নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের ওকে রোডে বড় নালার কাছে এই ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ আসে। পরে আসে আসানসোল দমকল বাহিনীর কর্মীরা।
জানা গেছে, আসানসোলের রেলপারের ওকে রোডের বড় নালা সংলগ্ন বাড়িতে বাচ্চাদের আইটেম বা সামগ্রী বিক্রি করা ব্যবসায়ী মহঃ আসিফ খান তার ব্যবসার সামগ্রী রাখতেন।


মহঃ আসিফ খান বলেন, কিছুদিন আগেই প্রায় ৭০,০০০ টাকার সামগ্রী এনেছিলাম। সেই সবকিছু এই বাড়িতে রাখা ছিলো। এছাড়াও, শীতের মরসুমে বাচ্চাদের পরার জন্য প্রায় ৩ লক্ষ টাকার কাপড়ও এই বাড়িতে মজুত ছিল। কিন্তু এই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, আমি এদিন সকালে আমার দোকানে ছিলাম। তখন এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পাই যে আমার বাড়িতে আগুন লেগেছে। তড়িঘড়ি বাড়িতে পৌঁছাই। তখন দেখি বাড়ির ভিতরে রাখা সমস্ত সামগ্রী জ্বলছে। সঙ্গে সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে, দমকল বাহিনীর খবর পেয়ে আসানসোল শহরের জিটি রোড থেকে ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ৪০ মিনিট সময় লেগে যায় বলে অভিযোগ । আর এই সময়ের মধ্যেই বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।


ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার এস এম মুস্তফা ঘটনাস্থলে পৌঁছান। তিনি আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে ছুটে যাই। নিজে কিছু সামগ্রী বাড়ি থেকে বের করার চেষ্টা করি। তবে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে বেশিরভাগ সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।
এই অগ্নিকাণ্ডে মহঃ আসিফ খানের ব্যবসায় বিরাট ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং কাউন্সিলর এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
এদিকে দমকল বাহিনী আগুনের কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *