বার্নপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল, অপরিকল্পিত এসআইআর ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা বিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের কথায় অপরিকল্পিত এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া করেছে নির্বাচন কমিশন। যার ফলস্বরূপ অসংখ্য মানুষের হয়রানি, আকস্মিক মৃত্যু। বেশকিছু সংখ্যায় বিএলএর অকাল মৃত্যু হয়েছে। প্রায় ৬০ লক্ষাধিক ভোটারের এখনো ভবিষ্যৎ অনিশ্চিত। এইসবের জন্য যে দায়ী সেই নির্বাচন কমিশনের স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বার্নপুর শহরে একটি প্রতিবাদ মিছিল করা হয়। তার সঙ্গে গৃহস্থের হেঁসেলে হামলা। অদূরদর্শী কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির ফলে গ্যাসের আকাল ও হঠাৎ করে চড়া দাম বৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে এই মিছিলের মধ্যে দিয়ে।














এই মিছিলে আয়োজনে আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মিছিলের নেতৃত্ব দেন ৭৮ নং ওয়ার্ডের কাউন্সিলার অশোক রুদ্র ও আসানসোল দক্ষিণ বিধানসভা ( শহর) ব্লক সভাপতি পূর্ণেন্দু ওরফে টিপু চৌধুরী। এই মিছিল বার্নপুরের স্টেশন রোড মোড় সংলগ্ন পার্টি অফিস থেকে শুরু হয়ে স্টেশন রোড, বিবেকানন্দ মূর্তি ও হিরাপুর থানার সামনে হয়ে বার্নপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

