ASANSOL

পাম্প বিকলে বন্ধ পানীয়জল সরবরাহ আসানসোলে কোলিয়ারির এজেন্টকে স্মারকলিপি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনা কুমারী হাঁসদার নেতৃত্বে শনিবার ৩৮ নং ওয়ার্ডে পানীয়জলের সংকট নিয়ে কালিপাহাড়িতে ইসিএলের কোলিয়ারির এজেন্টের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা বাদল মিশ্র সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে কাউন্সিলর বলেন, আগে এই কোলিয়ারি থেকে এই এলাকায় পানীয়জল সরবরাহ করা হতো।

কিন্তু বেশ কিছুদিন ধরে কোলিয়ারির পাম্পগুলো বিকল হয়ে থাকায় সেখানে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। যা বাসিন্দাদের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরে বলেন , এদিন এই ব্যাপারে কোলিয়ারির এজেন্টের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। যেখানে আগামী তিন দিনের মধ্যে কোলিয়ারির জল সরবরাহ পুনরায় চালু করার অনুরোধ জানানো হয়েছে।

যাতে গ্রীষ্মকালে বাসিন্দাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তিনি বলেন, আসানসোল পুরনিগমও এখানে জল সরবরাহ করে। কিন্তু তা অপর্যাপ্ত। কোলিয়ারির জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই এই এলাকার বাসিন্দাদের চরম অসুবিধা হচ্ছে। কাউন্সিলর জানান যে, এজেন্ট তাদের আশ্বাস দিয়েছেন যে তিন দিনের মধ্যে জলের সমস্যার সমাধান করা হবে।এই বিষয়ে, এজেন্ট অফিস থেকে বলা হয়েছে, কাউন্সিলার পানীয়জল বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটা স্মারকলিপি দিয়েছেন। গোটা বিষয়টি দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *