বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি, সালানপুরে বেসরকারি কারখানায় বিক্ষোভ
*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে বেসরকারি কারখানা এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেডের গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। বেতন, নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ। অমর মাহাতোর নেতৃত্বে গেটের সামনে শ্রমিকরা গঙ্গাজল ছিটিয়ে প্রতিবাদ জানান। অমর মাহাতো বলেন, আমাদের প্রধান দাবি শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের সেফটি ও নিরাপত্তা, শ্রমিকদের ৮ ঘন্টা কাজ, হয়রানি মুক্ত কর্ম পরিবেশ। তৃণমূল কংগ্রেসের শাসনে আমরা এই কারখানায় দিনের পর দিন শোষিত হয়েছি। কম মজুরি দেওয়া হয়। অত্যাচার করা হয়।














এই বিধানসভার বিজেপি প্রার্থী ভোটের আগে আমাদের কাছে এসে বলেছিলেন, তাকে ভোট দিতে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে আমাদের দাবি মেটানোর ব্যবস্থা করবেন। এখন তিনি জিতেছেন। আশা করি, এবার তিনি আমাদের দাবি মেটানোর ব্যবস্থা করবেন।এইসব দাবি নিয়ে শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি দেন। বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোন ঘটনা না ঘটে তারজন্য কারখানার সামনে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

