ASANSOL

আদালতের নির্দেশে কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনের ‘পরামর্শ’ দিয়ে খোঁচা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, বার্নপুর ( পশ্চিম বর্ধমান), রাজা বন্দোপাধ্যায়ঃ* ২১শে জুলাই শহীদ দিবসের সভা নিয়ে কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া নিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২১শে জুলাই কালীঘাট তৃণমূল কংগ্রেসের সভার জমায়েত আড়াই হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখার আদালতের নির্দেশ নিয়ে মজার ছলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায় , কোটির ঘরে সদস্য সংখ্যা থাকা তৃণমূলের মতো বড় দলের জন্য এই সামান্য জমায়েত কোনোভাবেই মানানসই নয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, ছোট জায়গায় সভা না করে তৃণমূলের উচিত ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করা।একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতের এই সিদ্ধান্ত ও নির্দেশের বিরুদ্ধে আন্দোলন করার পরামর্শ দেন। পাশাপাশি, ২১শে জুলাইয়ের পুরানো প্রসঙ্গ টেনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মনে করিয়ে দেন যে, এই ঘটনার তদন্তে গঠিত কমিশন ও ‘সিট’র রিপোর্টের বিগত ১৫ বছর ধরে কোনো হদিশ নেই।

ব্রিগেডে সভা করার আহ্বানের পাশাপাশি, সেই বহু প্রতীক্ষিত তদন্ত রিপোর্টটি অবিলম্বে প্রকাশ্যে আনার জন্য তৃণমূল নেত্রীর কাছে দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।প্রসঙ্গতঃ, রাজ্য সরকার ২১শে জুলাই শহীদ দিবসের সভা করার অনুমতি না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি পর্ব শেষে কলকাতা হাইকোর্ট বেশ কিছু শর্তাবলী দিয়ে সভা করার অনুমতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *