জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্নপুরে মর্মান্তিক ঘটনা, খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, জখম ১
*বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ফুটবল খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। জখম হয়েছে আরো একজন। অল্পের জন্যে রক্ষা পেয়েছে আরো বেশ কয়েকজন কিশোর। শনিবার বিকেল পাঁচটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের রিভারসাইডে বিআরএস বা গ্যারেজ মাঠে। বার্নপুরের বাসিন্দা মৃত স্কুল পড়ুয়ার নাম শেখ ফিরোজ (১৬)। সে দশম শ্রেণির পড়ুয়া ছিলো৷ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি জখম কিশোরের নাম বিবেক ঘোষ ( ১৭)। তার বাড়ি হিরাপুর থানার বার্নপুরের মানিকচাঁদ এলাকায়। এদিকে, এই ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় রাজ্যের নারী ও শিশু কল্যান এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।














তাদের প্রতি সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন। তিনি জখম কিশোরের শারীরিক অবস্থা নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।পরে তিনি বলেন, আমার বিধানসভা এলাকায় খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন ছেলে মাঠে ফুটবল খেলছিলো। তখন আচমকাই কালবৈশাখীর ঝড়বৃষ্টি শুরু হয়। তার মধ্যে আচমকাই বাজ পড়ে ঐ মাঠের মধ্যে। তাতে বেশ কয়েকজন অচৈতন্য হয়ে যায়। তার মধ্যে দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক একজনকে মৃত বলে জানান। একজন ভর্তি রয়েছে।
তিনি আরো বলেন, কি আর বলবো যে পরিবারের ছেলে মারা গেছে, তার তো ফিরিয়ে দিয়ে ক্ষতি পূরণ করতে পারবো না। তবে, কি করা যার, তা দেখবো। তবে, ক্লাব ও ছেলেদের বলবো এই সময় বিকেলে প্রতিদিন কালবৈশাখীর ঝড়বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে বাজ পড়ছে। এই সময় মাঠে না যাওয়াটাই ভালো। আমি প্রশাসনকে বলবো, তারা যেন এই বিষয়টা দেখে। জানা গেছে, অন্য দিনের মতো এদিন বিকেলে বার্নপুরের বিভিন্ন এলাকার কিশোরেরা বিআরএস মাঠে ফুটবল খেলতে যায়। তখনই এই বাজ পড়ার ঘটনা ঘটে।

