আসানসোলের বিএনআর ক্লাবে হলো ” বন্দেমাতরম উৎসব ” অনুষ্ঠানে কবিকে শ্রদ্ধা ও স্মরণ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বঙ্কিম নজরুল রবীন্দ্র বা বিএনআর ক্লাব প্রাঙ্গণে শুক্রবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মদিন উপলক্ষ্যে পালিত হল ” বন্দেমাতরম উৎসব” । সকালে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণি পর্যন্ত কচিকাঁচারা গাইলেন “আমরা সবাই রাজা” অথবা “আয় তবে সহচরী” গানটি। দুপুরে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা গাইলেন কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান। সন্ধ্যায় সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত হলো বন্দেমাতরম সঙ্গীত প্রতিযোগিতা। বিকেলে ছিল এক মনোজ্ঞ আলোচনা সভা। তার বিষয় ছিল “বর্তমানে বন্দেমাতরমের প্রাসঙ্গিকতা”।














আলোচনায় অংশগ্রহন করেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সহ সভাপতি অধ্যাপক ডঃ তুষাররঞ্জন বন্দ্যোপাধ্যায় , কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পুইতন্ডি, সিপিএমের প্রাক্তন বিধায়ক আইনজীবি অমিতাভ মুখোপাধ্যায়, সিপিআই ( এম.এল ) লিবারেশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য প্রদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সুব্রত সিনহা, উর্দু পত্রিকার সাংবাদিক লেখক মহম্মদ ওয়াজিউদ্দিন জামাল । তারা নিজেদের মতো করে তাদের দৃষ্টিভঙ্গিতে গানটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। আলোচনা সভার সঞ্চালনা করেন নীলোৎপল রায়চৌধুরী ।
সাহিত্য সংগঠক তাপ উত্তাপ পত্রিকার ৫০ বছরের সম্পাদক অমল বন্দ্যোপাধ্যায় ও ৪৩ বছরের আজকের যোধন পত্রিকার সম্পাদক বাসুদেব মণ্ডলকে সম্বর্ধনা জানানো হয় উদ্যোক্তাদের তরফে । সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেন সমর রায়, কালাচাঁদ ঘোষ ও মিন্টু নাগ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গৌরবান্বিত করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সোনালী কাজী, সাংবাদিক দেবযানী সিনহা, কবি বিকাশ গায়েন, কবি সৌমেন্দু রায়চৌধুরী ,কবি সৌরভ ভাদুড়ী , বাচিক ও নৃত্য শিল্পী করবী রায়চৌধুরী প্রমুখ ।
ক্লাবের সম্পাদক কল্যান মন্ডল , যুগ্ম সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় ও সহ সম্পাদক দীপঙ্কর মজুমদার বললন , বন্দেমাতরম সঙ্গীত স্বাধীনতা সংগ্রামের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল ।বর্তমান সময়ে এই গান নিয়ে আলোচনা তুঙ্গে । এই অবস্থায় এই সঙ্গীতের রচয়িতা সাহিত্য সম্রাট ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করে সম্মান জানানো হলো ।এদিনের অনুষ্ঠানে এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ভজন শিল্পী কালাচাঁদ ঘোষ , রবীন্দ্র সঙ্গীত শিল্পী সমর রায় ও মিন্টু নাগ ।


