প্রাকৃতিক কৃষির প্রসারে দুর্গাপুরে কর্মশালা, জৈব চাষে জোর সরকারের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কৃষিক্ষেত্রে পরিবেশবান্ধব ও টেকসই চাষ পদ্ধতির প্রসারের লক্ষ্যে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে কৃষি দপ্তরের উদ্যোগে প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় জৈব চাষের সম্ভাবনা, কৃষি উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় কৃষি বিশেষজ্ঞ ও দপ্তরের আধিকারিকরা প্রাকৃতিক কৃষির বহুমুখী উপকারিতা তুলে ধরেন। রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো সার ও অন্যান্য জৈব উপাদানের ব্যবহার বাড়িয়ে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব, সে বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।













পাশাপাশি সৌরশক্তিচালিত পাম্পের মাধ্যমে কম খরচে ও পরিবেশবান্ধব উপায়ে সেচ ব্যবস্থার সুবিধাগুলিও ব্যাখ্যা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘোড়ুই, পান্ডবেশ্বর ও বারাবনির দুই বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি অরিজিৎ রায়। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ সহ কৃষি দপ্তরের একাধিক আধিকারিক।এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বলেন, প্রাকৃতিক কৃষির প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরাও বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। এর ফলে প্রাকৃতিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতি নিয়ে কৃষকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন।



