আসানসোলে গরীবদের জন্য তৈরি আবাসন নিয়ে কারচুপি ও দুর্নীতির অভিযোগ, তদন্ত আশ্বাস মেয়রের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ডামরা এলাকায় জিতেন্দ্র তেওয়ারি মেয়র থাকাকালীন গরীবদেরদের জন্য বাড়ি ও বিএসইউপি আবাসন বানানে হয়েছিলো। নিয়ম অনুযায়ী আসানসোল পুরনিগমের কাছে সাড়ে সাত হাজার টাকা দিয়ে ঘর নিতে হতো। কিন্তু পরবর্তী কালে ঐ আবাসন নিয়ে কারচুপি করা হয় বলে অভিযোগ। দুর্নীতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। যে উপভোক্তার নামে আবাসন মঞ্জুর হয়েছিল তাদেরকে না দিয়ে অন্য লোককে মোটা টাকার বিনিময়ে ঘর বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসলেও আসানসোল পুরনিগমের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। অবশেষে পালা বদলের পরে এই নিয়ে সরব হয়েছে বর্তমান শাসক দল।













বিজেপির আসানসোল দক্ষিণ মন্ডলের সম্পাদক অপূর্ব রায় বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল আবাসন থেকে বিভিন্ন আবাসন মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। খালি আবাসনে মদের আসর বসে। আরো অবৈধ কাজ চলে সেখানে বলে অভিযোগ। শুক্রবার সকালে সেইসব আবাসনে হানা দেওয়াতে আসানসোল পুরনিগমের রেজুলেশন খাতা উদ্ধার করা হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় যায়। নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনীও।অভিযোগ, সাধারণ মানুষের কাছে কোনভাবেই সরকারি খাতা থাকা উচিৎ নয়। যে সব আবাসন বরাদ্দ করা হয়েছে তাদের নামে বরাদ্দ করা ঘরের স্লিপে হোয়াইটনার দিয়ে মুছে অন্য লোকের নাম লেখা হয়েছে।
যাদের কাছ থেকে ২০ থেকে ২১ হাজার টাকা নেওয়া হয়েছে। এর সাথে জড়িত পুরনিগমের একাধিক কর্মীর নাম উঠে আসছে বলে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলে ঐ বিজেপি নেতা জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা চাই, যে বা যারা এর পেছনে রয়েছে, তাদেরকে সনাক্ত করে শাস্তি দেওয়া হোক। এর পাশাপাশি কল্যাণপুর এলাকার কলোনির তদন্তের দাবি উঠেছে।এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ডামরা এলাকায় গরীব মানুষদের জন্য বিএসইউপি আবাসন বানানো হয়েছিল। সেগুলো নিয়ে কেউ ব্যবসা করার অভিযোগ এলে পুরনিগমের পক্ষ থেকে তদন্ত করা হবে।
অন্যদিকে, আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি বলেন , শুরু ডামরা এলাকায় আবাসন নিয়ে কেন, আসানসোল পুরনিগমের সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমরা তো এতোদিন কিছু করে উঠতে পারিনি। এবার আমরা সবকিছু খোঁজ নিয়ে দেখছি।অন্য দিকে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



