দুর্গাপুরে ” প্রাক-বাজেট” বৈঠকে অর্থ মন্ত্রী একাধিক শিল্প গোষ্ঠী ও বনিকসভার সঙ্গে কথা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য বাজেটের আগে শিল্প গোষ্ঠী ও বনিকসভার সঙ্গে মতবিনিময় করছে রাজ্য সরকার। তারই একটা অংশ হিসেবে রবিবার বিকেলে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে ” প্রি বা প্রাক বাজেট কন্সালটেশন মিটিং’র আয়োজন করা হয়।রাজ্য সরকার উদ্যোগে হওয়া এই বৈঠকে দক্ষিণবঙ্গের সাতটি জেলার শিল্পপতি, ব্যবসায়ী ও বণিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে রাজ্যর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ছিলেন। এছাড়াও ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম সহ সরকারের একাধিক প্রতিনিধিরা। বৈঠকে শিল্পোদ্যোগীদের কাছ থেকে সরাসরি তাঁদের সমস্যা, দাবি ও পরামর্শ শোনেন মন্ত্রীরা।













পরে, অর্থ মন্ত্রী বলেন, রাজ্য সরকার বাজেটের আগে সবার একটা মতামত নিতে চাইছে। এতোদিন শুধু কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্রীক বিষয় ছিলো। বর্তমান সরকার তার বাইরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আরো বলেন, সবার মতামত শোনা হয়েছে। সবটাই যে বাজেট কেন্দ্রীক এমনটা নয়। বৃহত্তর অনেক ব্যাপার আছে। অনেকে ব্রিজের কথা বলেছেন। অনেকে আবার জমির কথা বলেন। সব শোনা হয়েছে। আস্তে আস্তে পরিকল্পনা নিয়ে সবকিছু করার চেষ্টা করা হবে। এদিন শিল্পোদ্যোগীদের সমস্যার সমাধানে পূর্বতন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, শিল্প স্থাপনের জন্য ঘোষিত সিঙ্গল উইন্ডো পরিষেবা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি।
ফলে দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে হয়েছে এবং অনেক ক্ষেত্রেই তাঁদের সমস্যার সমাধান হয়নি। এই সরকার চেষ্টা করছে।এই বৈঠকে দক্ষিণবঙ্গের অন্যতম বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বা ফসবেকির সভাপতি শচীন রায় সহ অন্যান্যরা ছিলেন। বনিসভার তরফে রাজ্যের অর্থ মন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। তাতে এই এলাকার একাধিক বিষয়ের কথা বলা হয়েছে।



