ASANSOL

স্থায়ীকরণের দাবিতে সিএমওএইচ অফিস চলো অভিযান , সরব এনএইচএমের চুক্তিভিত্তিক কর্মীরা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘদিনের বঞ্চনা, বেতন বৈষম্য এবং কর্মসংস্থানের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে স্থায়ীকরণের দাবিতে বুধবার আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিস চলো অভিযান করলেন জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)র চুক্তিভিত্তিক কর্মীরা। বিভিন্ন পদে কর্মরত এএনএম, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ফার্মাসিস্ট-সহ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাঁরা স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, টিকাকরণ কর্মসূচি, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরিষেবা, বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্প বাস্তবায়ন সহ একাধিক ক্ষেত্রে তাঁদের উপরই নির্ভর করে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা। অথচ সমপরিমাণ কাজ করেও তাঁরা স্থায়ী কর্মীদের মতো সুযোগ-সুবিধা, অবসরকালীন ভাতা কিংবা সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত।সম্প্রতি আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণার পর বেতন বৈষম্যের বিষয়টিও সামনে এসেছে বলে দাবি আন্দোলনকারীদের।

তাঁদের বক্তব্য, অনেক ক্ষেত্রেই বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব সামলাতে হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের, কিন্তু সেই তুলনায় তাঁদের পারিশ্রমিক অত্যন্ত কম।এই পরিস্থিতিতে সমকাজে সমবেতন, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং স্থায়ীকরণের দাবিতে সিএমওএইচ অফিস চলো কর্মসূচি গ্রহণ করা হয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার তাঁদের মূল দাবি, এনএইচএমের অধীনে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করে দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার অবসান ঘটানো হোক।অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস জানিয়েছেন, কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *