তৃণমূলের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা ও শ্রমিক নেতা বিবেক মন্ডল গ্রেফতার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,আসানসোল: ২০২১ সালের নির্বাচনের সময়কালে হামলা এবং বিজেপি কর্মীদের ওপর আক্রমণ সহ একাধিক মামলায় অভিযুক্ত এগারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিবেক মন্ডলকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারের পর বুধবার তাঁদের আসানসোল জেলা আদালতে তোলা হয়।














পুলিশ সূত্রে জানা গেছে, রানীগঞ্জ থানায় স্থানীয় মানুষের আক্রোশের কথা মাথায় রেখে বুধবার সকালেই দুই তৃণমূল নেতাকে অন্য থানায় স্থানান্তরিত করা হয়। পরে আসানসোল উত্তর থানা থেকে তাঁদের আদালতে নিয়ে যাওয়া হয়। এদিন দুই দাপুটে নেতাকেই মুখে মাস্ক পরে আদালতে প্রবেশ করতে দেখা যায়।এলাকায় দাদাগিরি, সন্ত্রাস, নির্বাচনের সময় বিরোধী দলের নেতাদের হুমকি, মহিলাদের প্রতি নির্যাতন, ভয় দেখিয়ে মারধর করে জমি দখল, এলাকা দখল সহ নানান অভিযোগ রয়েছে এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে।বুধবার চুপিসারেই দুই নেতাকে আদালতে পেশ করা হয়।


