দুর্গাপুরে কনটেনারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা মৃত খালাসি, জখম ৬
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেনারের পেছনে ধাক্কা মারলো একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে দুর্গাপুরের কাঁকসার বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর কলকাতা গামী লেনে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের খালাসির। গুরুতর আহত হন ৬ জন যাত্রী। মৃত খালাসির পরিচয় পাওয়া যায় নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসক পরীক্ষা করে বাসের খালাসিকে মৃত বলে ঘোষণা করেন । বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।














দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।কাঁকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, এদিন ভোরবেলা একটি যাত্রীবাহী বাস কলকাতার দিকে যাচ্ছিলো। দুর্গাপুরের কাঁকসা থানার বিরুডিহার কাছে ১৯ নং জাতীয় সড়কে সামনে যাওয়া একটি কনটেনারের পেছনে বাসটি সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসের সামনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে যায়। পুলিশ জানায়, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে।


