ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে ইসিএলের রাস্তা উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকার বাংলার মানুষের জন্য কাজ করছে

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি বিধানসভার নরসমুদা কোলিয়ারি থেকে ইস্কো রোড পর্যন্ত কয়লা পরিবহনের জন্য একটি পেভার ব্লক রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিকেলে হওয়া এই অনুষ্ঠানে ইসিএলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রাস্তাটি ইসিএলের সিএসআর প্রকল্পে তৈরি করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন , এই এলাকায় এই রাস্তার দাবি অনেক দিন ধরে ছিলো। কিন্তু আগের সরকার এই রাস্তা তৈরি করা নিয়ে কোন উদ্যোগ নেয়নি। ইসিএলের সিএসআর প্রকল্পে এই রাস্তা তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান বিজেপি সরকার জনগণকে সব ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে যারা ফুটপাত দখল করে দোকানপাট করছেন, তাদের সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।

তিনি বলেন , তাদের ১৫ দিনের সময় দেওয়া হবে। যদি তারা ১৫ দিনের মধ্যে তাদের দোকান না সরান, তবে তাদের আরও ১৫ দিনের সময় দেওয়া হবে। এর পরেও যদি তারা তাদের দোকান না সরান, তবে রাজ্য সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি বলেন , সুপ্রিম কোর্টও বলেছে যে ফুটপাতে হাঁটা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এবং বর্তমান রাজ্য সরকার এই অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বলেন , সোমবার বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। যার অধীনে সরকারি সম্পত্তির ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তির যে ক্ষতি হবে, তার ক্ষতিপূরণও দেওয়া হবে। মন্ত্রী বলেন শনিবার থেকে কলকাতা পুরসভা এলাকায় একটি বিশেষ কর্মসূচি শুরু করা হচ্ছে।

যার অধীনে মানুষ সরাসরি সংশ্লিষ্ট বিভাগকে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। যা পরে মোবাইল বার্তার মাধ্যমে তাদের জানানো হবে যে এর উপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি একইভাবে সমগ্র রাজ্যে বাস্তবায়িত করা হবে।মন্ত্রী বলেন, বিজেপি সরকার যা বলে বা প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করার চেষ্টা করে। আমরা যা পারবো না, তা কখনোই বলবো না। বার্নপুরে দামোদর নদীর উপরে ব্রিজ তৈরি করার কথা বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে উল্লেখ করা হয়নি। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, সব কথা বাজেটে বলা যায় না। তা বলে, ঐ ব্রিজ করা হবে না, এমনটা নয়। আমি নিজে মুখ্যমন্ত্রীকে বলেছি। আসানসোল পুরনিগম থেকে রানিগঞ্জ, কুলটি ও জামুড়িয়াকে আলাদা করে পৃথক পুরসভা করার কথা সেখানকার বিধায়কেরা বলেছেন। রাজ্য সরকার তাদের প্রস্তাব গুরুত্ব সহকারে দেখছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *