ASANSOL

আমরুত ২ প্রকল্পে কুলটিতে একাধিক পানীয় জল প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা এলাকায় পানীয় জল পরিষেবাকে আরো উন্নত করতে আমরুত ২ প্রকল্পের আওতায় একাধিক পাইপলাইন ও জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হল। শুক্রবার হওয়া এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার এই প্রকল্পগুলির সূচনা করেন।এই প্রকল্পের আওতায় কুলটি কলেজ জোন, কুলটি গার্লস স্কুল জোন, রক্তা, কেন্দুয়াবাজার, সুভাষপাড়া, বরাকর হাসপাতাল এলাকা, জগদীশডিহি, চলবলপুর-পুনুরি, আকনবাগান, বিরিডাঙ্গাল-করিমডাঙ্গাল-রাঁচি গ্রাম সহ একাধিক এলাকায় নতুন পানীয় জলের পাইপলাইন বসানো হবে। এছাড়াও ১৫তম অর্থ কমিশনের তহবিল থেকে বরাকর ও রামনগরের পুরনো ক্লিয়ার ওয়াটার রিজার্ভার সংস্কারের কাজও শুরু হচ্ছে এই প্রকল্পের আওতায়।

প্রশাসনের দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা পাবেন। দীর্ঘদিনের জল সরবরাহ সংক্রান্ত সমস্যারও অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার বলেন, রাজ্য সরকার শহরাঞ্চলের পানীয় জল পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

আমরুত ২ প্রকল্পের মাধ্যমে আধুনিক পাইপলাইন ও জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা যায়।স্থানীয় বাসিন্দারাও জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বহু বছরের পানীয় জলের সংকট দূর হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *