Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

ফিরে পাওয়া ” কর্মসূচিতে ৪৫টি মোবাইল উদ্ধার বারাবনি পুলিশের, তুলে দেওয়া হলো আসল মালিকদের হাতে

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। রবিবার ‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোট ৪৫টি মোবাইল ফোনের মধ্যে ৩১টি মোবাইল তাদের আসল মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে বারাবনি থানায় দায়ের হওয়া বিভিন্ন মোবাইল হারানো ও চুরির অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়।

আধুনিক প্রযুক্তি, সাইবার ট্র্যাকিং এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে পুলিশ বিভিন্ন জেলা ও এলাকা থেকে মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। রবিবার তার মধ্যে ৩১ জন মালিকের হাতে তাঁদের মোবাইল ফোন তুলে দেওয়া হয়।দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তারা। অনেকেই জানান, তাঁরা আর কোনওদিন মোবাইল ফিরে পাবেন বলে আশা করেননি। পুলিশের আন্তরিক প্রচেষ্টা এবং দক্ষ তদন্তের ফলেই তাঁদের মূল্যবান ফোন ফেরত মিলেছে।

এজন্য তাঁরা বারাবনি থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাঁরা প্রয়োজনীয় ও বৈধ পরিচয়পত্র নিয়ে বারাবনি থানায় যোগাযোগ করলেই তাঁদের মোবাইল ফোনও যথাযথ যাচাইয়ের পর ফিরিয়ে দেওয়া হবে। বাকি উদ্ধার হওয়া মোবাইলগুলিও খুব শীঘ্রই প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।এই মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (বারাবনি ও হিরাপুর) মিহির কুমার দে, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায় সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করেছে। ‘ফিরে পাওয়া’ কর্মসূচি শুধুমাত্র হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নয়, বরং নাগরিকদের পাশে থেকে দায়িত্বশীল পুলিশি পরিষেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *