Sunday, June 28, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, June 28, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে তারাতলায় দুর্ঘটনায় মৃত কর্মীর বাড়িতে বিধায়ক সরকারি সাহায্য, সহযোগিতা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতার তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো রানিগঞ্জের নবীন সিংয়ের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রানিগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। রবিবার তিনি রানিগঞ্জের লায়েকবাঁধে মৃত কর্মীর বাড়িতে যান। তিনি নবীন সিংয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের গভীর সমবেদনা জানান। পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান তিনি।পরে বিধায়ক পার্থ ঘোষ বলেন, এই অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সমগ্র এলাকার জন্যই অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন।

সেই দুঃসময়ে রাজ্য সরকার ও প্রশাসন তাঁদের পাশে রয়েছে। তিনি আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার কথা, তা যাতে দ্রুত পরিবারের হাতে পৌঁছায়, সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবো। এর পাশাপাশি এই পরিবার জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো।সরকারি সহায়তার পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পার্থ ঘোষ। তিনি বলেন, আমি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, এই এলাকার একজন মানুষ হিসেবেও পরিবারের পাশে আছি। ভবিষ্যতেও তাঁদের যে কোনও প্রয়োজনে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। এই কঠিন সময়ে পরিবারকে একা ছেড়ে দেওয়া হবে না।

দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিধায়ক। তাঁর বক্তব্য, “যদি কারও গাফিলতি, অবহেলা বা দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাজ্য সরকার তা চেষ্টা করছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি অনেকটাই রোধ করা সম্ভব হবে। কোনও পরিবার যেন আর এভাবে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ভোগ না করে, তাও দেখা হবে।এদিন বিধায়কের সঙ্গে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারাও নিহতর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা প্রদানের দাবি তোলেন।উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতার তারাতলায় কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় রানিগঞ্জের নবীন সিংয়ের মৃত্যু হয়। তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা কলকাতায় গিয়ে ধ্বংসাবশেষ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া নবীন সিংকে তার হাতে উল্কি দেখা সনাক্ত করেন। তার এই অকাল মৃত্যুতে রানিগঞ্জের লায়েকবাঁধ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা এখনও শোকাহত অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে বিধায়ক পার্থ ঘোষের বাড়িতে গিয়ে সমবেদনা জানানো এবং সরকারি ও ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস কিছুটা হলেও পরিবারকে মানসিক শক্তি দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *