সালানপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা, জখম একাধিক দোষীদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ
*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার আছড়া এলাকায় বৃহস্পতিবার রাতে তৃণমূল ও বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরে শুক্রবার সকালে বিজেপি কর্মী ও সমর্থকরা হামলাকারী দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রূপনারায়ণপুর-সামডি রাস্তায় আছড়া পোস্ট অফিসের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের পরিবার ও স্থানীয় বাসিন্দারাও এই অবরোধ বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।














এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আছড়া এলাকায় একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি পিকআপ ভ্যানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় দুই পক্ষেরই একাধিক কর্মী-সমর্থক আহত হন। তৃণমূলের দুই কর্মীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে বিজেপির প্রায় ১০ জন কর্মী আহত হন, যাঁদের মধ্যে কয়েকজনকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়।বিজেপির অভিযোগ, পিকআপ ভ্যান থেকে কি নামানো হচ্ছিল তা জানতে চাওয়াকে কেন্দ্র করে তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়। অন্যদিকে, তৃণমূলের দাবি, বিজেপি সমর্থিত দুষ্কৃতিরাই তাদের উপর আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
শুক্রবারের অবরোধে বিজেপি কর্মী-সমর্থকরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


