Sunday, July 12, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, July 12, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে বেআইনি পার্কিংয়ে কড়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল ‘স্ট্যান্ড ছাড়া যাত্রী তুললেই আইনি ব্যবস্থা’

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও স্বাভাবিক করতে বেআইনি পার্কিং ও যত্রতত্র বাস-অটো দাঁড় করিয়ে যাত্রী তোলা-নামানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার শহরের জিটি রোডে ব্যস্ততম ও জনবহুল হটন রোড ও সিটি বাসস্ট্যান্ড মোড়ে আচমকাই পরিদর্শনে আসেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত বাস বা অটোস্ট্যান্ড ছাড়া যাত্রী তোলা বা নামানো চলবে না।

নিয়ম ভাঙলে আগামী দিনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গাড়ির চাকা লক করতেও পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।পরিদর্শনের সময় ট্রাফিক গার্ড পুলিশকেও কড়া বার্তা দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষের স্বার্থে বাস শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ডেই দাঁড় করান। যত্রতত্র রাস্তায় বাস বা অটো দাঁড় করিয়ে মানুষের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করবেন না।

এদিনের পরিদর্শনের সময় নিয়ম ভেঙে রাস্তায় যাত্রী তুলছিল এমন একাধিক বাস ও অটোকে থামিয়ে চালকদের সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারিত স্ট্যান্ড থেকেই যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী স্পষ্ট করে আরো বলেন, আসানসোলকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *