নবান্নের নির্দেশে বুলডোজার অভিযান, দুর্গাপুরে ভাঙা হলো সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি জমি দখলমুক্ত করতে মঙ্গলবার সকাল থেকে বুলডোজার অভিযান চালাল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোক ওভেন ও নিউ টাউনশিপ থানা এলাকার বিভিন্ন বেসরকারি কারখানার গেটের সামনে থাকা একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয় ভেঙে ফেলা হয়। স্বাভাবিক ভাবেই এই অভিযান চালানো নিয়ে ইস্পাত নগরীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আড্ডার সূত্রে দাবি করা হয়েছে , দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর এই কার্যালয়গুলি ছিল। সেগুলো বেআইনি ভাবে তৈরি করা হয়েছিলো।














একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা সরানো হয়নি। এরপর আইন মেনেই এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশেই থাকা কংগ্রেস ও সিটু-সহ বামপন্থী শ্রমিক সংগঠনের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।অন্যদিকে, সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বর দাবি, বহু বছরের পুরোনো এই কার্যালয়গুলি না ভাঙার জন্য আড্ডার কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু তাদের সেই আবেদন শোনা হয়নি। তাদের অভিযোগ, নবান্নের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষার কাজে এই কার্যালয়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে।


