ASANSOLASANSOL-BURNPUR

বজ্রপাতে স্কুল পড়ুয়া মৃত্যু বার্নপুরে পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

*বেঙ্গল মিরর, আসানসোল ও বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং শিশু ও নারী কল্যান দপ্তরের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের ধরমপুরের বাসিন্দা বজ্রপাতে মৃত্যু হওয়া স্কুল পড়ুয়া শেখ ফিরোজের বাড়িতে আসেন। মন্ত্রী স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের সমবেদনা জানান। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের ৯৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাহকাশান রিয়াজ। বছর ১৫ র শেখ ফিরোজ দশম শ্রেণির ছাত্র। জানা গেছে, শনিবার বিকেলে সে বার্নপুরের রিভারসাইড এলাকায় বিআরএস বা গ্যারাজ গ্রাউন্ডে বন্ধুুদের সঙ্গে ফুটবল খেলছিল।

তখন প্রচণ্ড ঝড়ের মধ্যে বজ্রপাত হয় ঐ গ্রাউন্ডে। শেখ ফিরোজ সহ চারজন সেই বজ্রপাতে অচৈতন্য হয়ে যায়। পরে দু’জন স্বাভাবিক হয়। শেখ ফিরোজ ও বিবেক ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত বলে ঘোষণা করেন। বিবেককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে গেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ঘটনায় মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইভাবে, রবিবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানিয়েছেন।

এই শোকের সময়ে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। এই সময় বিশেষ করে কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকে। তখন যাতে মাঠে কেউ না যায় বা খেলার সময় ঝড়বৃষ্টি শুরু হলে, ছেলেরা যেন নিরাপদ দূরত্বে চলে যায়, তা দেখতে হবে।

পরিবারের সদস্যরা মন্ত্রীর আসা ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাহকাশান রিয়াজও মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্য ও স্থানীয় মানুষেরাও মন্ত্রীর আসা এই কঠিন সময়ে পাশে থাকাটা সংহতির একটি বার্তা হিসেবে দেখছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *