পায়ে হেঁটে বৈষ্ণব দেবী মন্দির দর্শনে পাড়ি দিল অন্ডালের যুবক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে বৈষ্ণব দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন অন্ডাল থানার খান্দরার যুবক বাবন বাউরি (২৮) । শুক্রবার ভোরবেলায় খান্দরা বাস স্ট্যান্ড থেকে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাবন । তাঁর লক্ষ্য আগামী ৪৫ দিনের মধ্যে দীর্ঘ পথ (২০০০ কিমি) অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণব দেবী মন্দিরে পৌঁছানো । ছোটবেলা থেকেই ভ্রমণ এবং আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ রয়েছে বাবনের । তবে এই যাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুভূতির জন্য নয়, সমাজের যুবসমাজকে একটি ইতিবাচক বার্তা দিতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন ।














যাত্রা শুরুর আগে বাবন জানান, বর্তমানে বহু তরুণ নানা কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে । কঠিন পরিস্থিতিতেও যে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব, সেই বার্তাই তিনি সকলের কাছে পৌঁছে দিতে চান । বাবনের কথায়, “মানুষ চাইলে নিজের মনের জোরে অনেক কঠিন কাজও করতে পারে । আমি চাই যুব সমাজ নিজের উপর বিশ্বাস রাখুক এবং জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যাক । খান্দরা এলাকার বাসিন্দারাও বাবনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে । যাত্রা শুরুর সময় বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানান । কেউ জল, কেউ শুকনো খাবার, কেউ অর্থ দিয়ে তাঁর দীর্ঘ পথচলার জন্য উৎসাহ জুগিয়েছে ।
পরিবার সূত্রে খবর, প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ধাপে ধাপে এগোবেন বাবন । পথে বিভিন্ন রাজ্য পেরিয়ে অবশেষে বৈষ্ণব দেবীর দর্শন করবেন তিনি । তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে । আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং মানসিক শক্তির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন খান্দরার যুবক বাবন বাউরি । তাঁর এই যাত্রা নিঃসন্দেহে বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে । তবে এবারই প্রথম নয় বাবন ইতিমধ্যে ৩৪ দিনে কেদারনাথ ১৫ দিনে অযোধ্যা রামমন্দির আর মাত্র ৪০ ঘন্টায় মায়াপুর নবদ্বীপ পায়ে হেঁটে পৌঁছেছে । পড়াশোনা শেষ করে বাবন এখন সেনাবাহিনীতে চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে । সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা তার উদ্দেশ্য বলে জানাই সে ।

