DURGAPUR

দুর্গাপুরেও তৃণমূলের কার্যালয়ে বুলডোজার ডিএসপির উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য

. *বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল, বার্নপুরের পরে এবার দুর্গাপুরেও চললো বুলডোজার। দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে শনিবার দুর্গাপুরের ইস্পাত নগরীর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপি কর্তৃপক্ষ। ডিএসপির জমি দখলমুক্ত করার বিশেষ অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। দুর্গাপুর স্টিল হাসপাতালের সামনে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি ডিএসপির জমির উপর অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ ছিল। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও কার্যালয় খালি করা হয়নি বলে দাবি।

এরপরে ৪ মে’ র পরে রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দুপুরে প্রশাসনিক আধিকারিক, পুলিশ বাহিনী এবং ডিএসপি কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান শুরু হয়। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দলীয় কার্যালয়টি। উচ্ছেদ অভিযানের সময় কার্যালয়ের ভিতর থেকে একাধিক কাগজপত্র ও নথি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। যার বেশ কিছু বায়োডাটা ছিলো।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই কার্যালয় থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি চালানো হতো। এর পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ কার্যালয় থেকে পাওয়া নথিপত্রে থাকতে পারে। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।এই বিষয়ে তৃণমূল কংগ্রেসেরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, বর্তমান রাজ্য সরকার কোন বেআইনি বা অবৈধ কাজ করবে না ও মদত দেবেনা। এইসব কার্যালয় কেন্দ্রীয় সংস্থার জমি দখল করে করা হয়েছিলো। তাই সরকার ও প্রশাসনের সহযোগিতা ডিএসপি কতৃপক্ষ ভেঙে দিয়েছে। ডিএসপি কতৃপক্ষ জানায়, কোম্পানির জমি দখল করে এই রাজনৈতিক দলের কার্যালয়ে তৈরি করা হয়েছিলো। আইন মতো তা ভেঙে দেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *