ASANSOL

কাঁকসায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মীর

*বেঙ্গল মিররর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অবসরপ্রাপ্ত বায়ু সেনা কর্মীর মর্মান্তিক মৃত্যু হলো। মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মীর নাম অজয় কুমার মন্ডল (৬৫)। বুধবার দুপুরে কাঁকসার ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসা মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে পানাগড়ের দিক থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে স্কুটি নিয়ে কাঁকসা আন্ডারপাসের দিকে যাচ্ছিলেন অজয় কুমার মণ্ডল নামে অবসরপ্রাপ্ত ঐ বায়ুসেনা কর্মী। সেই সময় পেছনের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। তখন তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানা এবং কাঁকসা ট্রাফিক গার্ড পুলিশ। স্থানীয় মানুষের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর মৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি পরিচয়পত্র। সেই পরিচয়পত্র খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, মৃত অজয় কুমার মণ্ডল অবসরপ্রাপ্ত বায়ুসেনার কর্মী।

পুলিশ তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানায়।পুরো ঘটনাটি ঐ এলাকায় লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কের সার্ভিস রোড এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *