ASANSOL

নির্বাচনী প্রচারে বাধা, হুমকি ও মারধরের অভিযোগ বারাবনির যুব তৃণমূল নেতা গ্রেফতার

*বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল বারাবনি বিধানসভার যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারির ছেলে বরুণ তেওয়ারিকে গ্রেফতার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়া, হুমকি এবং মারধর, সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে বুধবার নুনি এলাকা থেকে বরুণ তেওয়ারিকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।আদালতে তোলার সময় ধৃত বরুণ তেওয়ারি দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, আমি কোনও অন্যায় করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আইন ও বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আদালত থেকেই আমি ন্যায়বিচার পাব বলে বিশ্বাস করি।এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে বারাবনি এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও অভিযোগকারীদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *