রাজ্যের প্রথম বিজেপি বাজেটকে স্বাগত, দুর্গাপুরে মিষ্টিমুখ করালেন কর্মী ও সমর্থকেরা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে প্রথমবার বিজেপি সরকারের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে আনন্দ উদযাপন করলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতির প্রতিফলন এই বাজেটে দেখা গিয়েছে বলে দাবি দলের বিজেপি নেতৃত্বের।সোমবারের বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি, আশা কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের এই ঘোষণার পর বিজেপি নেতৃত্ব বাজেটটিকে সাধারণ ও প্রান্তিক মানুষের উন্নয়নমুখী বাজেট বলে অভিহিত করেছেন।এদিন বাজেট পেশ হওয়ার পরে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সামনে পথচলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিজেপি কর্মী ও সমর্থকরা।














বাজেটকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।বিজেপি নেতৃত্বের দাবি, এই বাজেটে শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গাপুরে মেডিকেল হাব গড়ে তোলা হবে। ইন্ডাস্ট্রিয়াল করিডোর নির্মাণ এবং ভবিষ্যতে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনার কথা উল্লেখ করে তাঁরা বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।দলের কর্মী-সমর্থকদের মতে, এই বাজেট রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


