অগ্নিমিত্রা পালের কড়া নির্দেশের পরই অভিযান, আসানসোলে বুলডোজার দিয়ে উচ্ছেদ অবৈধ দখলদারি
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জিটি রোডের বাজার এলাকা পরিদর্শনে এসে বৃহস্পতিবার দুপুরে ফুটপাত ও রাস্তা জুড়ে অবৈধ দখলদারি দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মন্ত্রীর সেই নির্দেশের পরই বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের পক্ষ থেকে বাজার এলাকায় মাইকিং করে ব্যবসায়ী ও দখলদারদের স্বেচ্ছায় অবৈধ নির্মাণ ও দখল সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়। বলা হয় শুক্রবার সকাল থেকে বেআইনি দখলদার উচ্ছেদ করা হবে।














সেই ঘোষণা মতো শুক্রবার সকাল প্রায় ১১টা থেকে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় বাজার এলাকা থেকে গীর্জামোড় পর্যন্ত ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু হয়। পুরনিগমের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ফুটপাত ও রাস্তার উপর থাকা অবৈধ দখলদারি সরিয়ে দেওয়া হয়। অভিযানে পুলিশও মোতায়েন ছিল, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

প্রশাসনের দাবি, শহরে যানজট কমানো, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সরকারি জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও শহরের অন্যান্য এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান চলতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।


