ASANSOL

কয়লা-বালি টাকার কালেকশন নিয়ে আসানসোলের বোরো চেয়ারম্যানের পোস্ট এতদিন চুপ ছিলেন কেন? কটাক্ষ অগ্নিমিত্রার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানে কয়লা, বালি ও লোহার ব্যবসা থেকে টাকা সংগ্রহ, রাজনৈতিক প্রভাব খাটানো এবং কলকাতায় সেই টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতা তথা আসানসোল পুরনিগমের ৩ নং বোরো চেয়ারম্যান উৎপল সিংহের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সেই পোস্ট প্রকাশ্যে আসতেই আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে পোস্টে উৎপল সিংহ দাবি করেন, পশ্চিম বর্ধমানে কয়লা, বালি ও লোহার টাকার কালেকশনের সঙ্গে কিছু “বিশ্বাসঘাতক” জড়িত ছিল।

তাঁর বক্তব্য, অর্থাভাবে বহু যুবক ভুল পথে পা বাড়িয়েছিল এবং রাজনৈতিক নেতা হওয়ার নেশায় কলকাতায় টাকা পৌঁছে দেওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল।পোস্টে তিনি আরো লেখেন, আমাদের অনেক ভালো ছেলে অর্থাভাবে বেলাইনে চলে যায়। নেতা হবার নেশায় টাকা পৌঁছে দিতে হয় কলকাতায়। অভাগা ভালো ছেলেরা আজ চোর।” পাশাপাশি তাঁর অভিযোগ, প্রকৃত রাজনৈতিক কর্মী তৈরি না করে কিছু নেতা গুণ্ডা ও তোলাবাজদের প্রশ্রয় দিয়েছেন। এমন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং গ্রেফতার হওয়াও জরুরি বলে মন্তব্য করেন তিনি।উৎপল সিংহের এই বিস্ফোরক মন্তব্য সামনে আসার পরে শুক্রবার পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি প্রশ্ন তোলেন, যদি সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ না খুলে থাকেন, তাহলে তৃণমূলের নেতারাও কি কারোর ভয়ে এতদিন নীরব ছিলেন?অগ্নিমিত্রা পাল বলেন, এখন অনেকেই নানা কথা বলছেন। কিন্তু এতদিন কোথায় ছিলেন? যদি দুর্নীতির বিরুদ্ধে বলার থাকে, তাহলে আগে কেন বলেননি?” তিনি আরো স্পষ্ট করেন, বিজেপিতে যোগ দিলেই কেউ নিজের অতীত কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি পাবেন না।মন্ত্রী বলেন, বিজেপিতে এসে সাফাই গাওয়ার সুযোগ নেই। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে দল পরিবর্তন করলেই রেহাই মিলবে না। অপরাধীদের মতোই তাদের বিচার হবে।

দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড়া হবে না।যদিও উৎপল সিংহ তাঁর পোস্টে কারোর নাম উল্লেখ করেননি। তবুও কয়লা-বালি ব্যবসা, অর্থ সংগ্রহ এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে টাকা পৌঁছে দেওয়ার প্রসঙ্গ ঘিরে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শাসকদলের এক জনপ্রতিনিধির এমন মন্তব্যে তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে বোরো চেয়ারম্যান উৎপল সিংহের বিস্ফোরক পোস্ট এবং তার জবাবে অগ্নিমিত্রা পালের কড়া প্রতিক্রিয়াকে ঘিরে জেলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।তবে, শাসক দলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের তরফে উৎপল সিংহের পোস্ট নিয়ে কোন মন্তব্য করা হয়নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *