দুর্গাপুরে ট্রাফিক গার্ড পুলিশের অভিযান ” নোপার্কিং” জোনে গাড়ি রাখলেই জরিমানা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর শহরে যানজট নিয়ন্ত্রণে আবারও কড়া পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড পুলিশ। শনিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় পুলিশের তরফে বিশেষ অভিযান চালানো হয়। নো-পার্কিং জোনে বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা একাধিক গাড়ি ও বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সিটি সেন্টারের জংশন মল সংলগ্ন এলাকা, আম্বেদকর সরণি সহ একাধিক ব্যস্ত রাস্তায় দীর্ঘদিন ধরেই অবৈধ পার্কিংয়ের কারণে যানজটের সমস্যা বাড়ছিল। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় নো-পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির জরিমানা করা হয়েছে।













ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা বলেন, শহরে নিয়ম মেনে পার্কিং করার জন্য একাধিক নির্দিষ্ট জায়গা থাকলেও অনেকেই তা উপেক্ষা করে রাস্তার ধারে গাড়ি রেখে দিচ্ছেন।এরফলে সাধারণ যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। তাই আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এইঅভিযান চালানো নিয়ে সাধারণ মানুষের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সিটি সেন্টার এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয়। পুলিশের এই কড়া পদক্ষেপে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেই আশা করছেন তারা।


