দুর্গাপুর ইএসআই হাসপাতালে রোগীর মৃত্যু নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও গাফিলতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর ইএসআই হাসপাতালে এক বৃদ্ধ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনোহর গোপ (৮৫)। তিনি অন্ডাল গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় রোগী ওয়ার্ডে ভর্তি হওয়ার পরেও, চিকিৎসা না করার পাশাপাশি, নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহার করা গাফিলতির অভিযোগ উঠেছে। মৃত রোগীর পরিবারের তরফে হাসপাতাল সুপার ডাঃ দীপাঞ্জন বক্সীকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে সুপার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পেটে ব্যথার সমস্যার কারণে মনোহর গোপকে দুর্গাপুরে ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের আশা ছিল চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।














কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মেল মেডিক্যাল ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।মৃতের পরিবারের তরফে তার ছেলে অক্ষয় গোপের অভিযোগ, হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এবং উদাসীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাবাকে ভক্তি করার পরেও কোন চিকিৎসা করা হয়নি। চিকিৎসা পরিষেবায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। ঘটনার প্রতিবাদে পরিবারের সদস্যরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অন্যদিকে, হাসপাতাল সুপার জানিয়েছেন, অবশ্যই দুঃখজনক ঘটনা। এই ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তার জন্য তিনজনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


