কুলটিতে পুলিশের হানা, উদ্ধার প্রচুর মদ ! অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে অভিযান, ধৃত ২
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অবৈধ মদের ঠেক, মাদক ও অন্যান্য বেআইনি কারবারের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার রাতে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় ব্যাপক অভিযান চালায়।এই অভিযানে লছিপুর এলাকা থেকে প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়।














এই ঘটনায় ভীম মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অন্যদিকে, একই দিনে অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে পৃথক অভিযানে লছিপুর গেট এলাকা থেকে সুরজ সাউ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রচুর পরিমাণ অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট ও সামগ্রী বাজেয়াপ্ত করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
ধৃত দুজনকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের ৫দিনের পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধ ঝাড়খণ্ড লটারির এই কারবারের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। গোটা চক্রের মূল পান্ডাদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে। পাশাপাশি এলাকায় অবৈধ মদ, মাদক ও অন্যান্য বেআইনি ব্যবসার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।।


