Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে বন্ধ বেসরকারি কারখানায় অচলাবস্থা অব্যাহত দাবি না মানা হলে অনশনের ডাক শ্রমিকদের

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়ায় একটি বেসরকারি কারখানায় চলতে থাকা অচলাবস্থার অবসান এখনও হয়নি। প্রায় ১৫ দিন ধরে চলা বন্ধ এই কারখানার কতৃপক্ষের বিরুদ্ধে সোমবার শ্রমিকেরা কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং অবরোধ করেন। জীবিকা ও শ্রমিক অধিকার রক্ষার দাবিতে অনড় শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারখানা কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ না নিলে তারা আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম কার্যালয়ের সামনে অনির্দিষ্ট কালের অনশন কর্মসূচিতে বসতে বাধ্য হবেন।আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতারা কারখানা কর্তৃপক্ষের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করেন।

কারখানার শ্রমিকেরা বলেন , কারখানাটি দ্রুত পুনরায় স্বাভাবিকভাবে চালু করতে হবে। এছাড়াও গত ১৫ দিন ধরে কারখানা বন্ধ থাকার সময়ের সম্পূর্ণ মজুরি বা হাজিরা ভাতা প্রদান করতে হবে। একই সঙ্গে কর্মরত শ্রমিকদের জন্য বাধ্যতামূলকভাবে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই বা কর্মচারী রাষ্ট্র বীমা সুবিধা নিশ্চিত করার দাবি করা হয়েছে।আন্দোলনকারী নেতা অমরনাথ মাহাতো বলেন, কারখানা কর্তৃপক্ষ বারবার সময় ক্ষেপণের নীতি গ্রহণ করছে। তাদের ১৭ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এর মধ্যে কারখানা খোলা ও শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হলে শ্রমিকরা সরাসরি ডিএম অফিসের সামনে অনশন ধর্মঘটে বসবেন। বিক্ষোভ চলাকালীন প্রায় দুই ঘণ্টা শ্রমিকরা কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন। তবে দুঘন্টা অবরোধ চলার পরেই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ডেকে মীমাংসা জন্য বসেন।

তবে কোনো সুরাহা বার হয়নি। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সমস্যার কথা শুনছেন না। তারা কোনো সমাধানের উদ্যোগও নিচ্ছেন না। শ্রমিকদের আরো দাবি, তাদের পরিবার আজ অনাহারের মুখে দাঁড়িয়ে রয়েছে। ফলে এই আন্দোলন এখন শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বলে জানান শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *