কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ২২শে শ্রাবণে শ্রদ্ধাঞ্জলী আসানসোল পুরনিগমের
বেঙ্গল মিরর, আসানসোল, ৮ আগষ্ট, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ সারা বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলে সোমবার ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী সাড়ম্বরের সঙ্গে পালন করা হয়। এদিন সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো কবিগুরুকে শ্রদ্ধা জানাতে। এদিন সকালে আসানসোল পুরনিগমের তরফে বিএনআরে শ্রদ্ধাঞ্জলী পার্কে ও রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে তাকে স্মরণ করা হয়। একইসঙ্গে এদিন উষাগ্রামের ঠেগোর রোডে কবিগুরুর মূর্তিতে পুষ্পস্তবক দেওয়া হয়।














এই উপলক্ষ্যে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও সুব্রত অধিকারী, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল ও শিখা ঘটক, পুরনিগমের আধিকারিক বীরেন অধিকারী সহ অন্যান্যরা। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, যেদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন, সেদিন শুধু বাংলা বা ভারত নয়, সারা বিশ্বের মানুষ শোকাহত হয়েছিল। তবে তার কাজ ও সৃষ্টি এখনও বিশ্বকে তার উপস্থিতি অনুভব করে।
পুরনিগমের সংস্কৃতি দপ্তর মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, এদিন সন্ধ্যায় রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ২২ শে শ্রাবণ স্মরণে।

