ASANSOLBengali News

রাজনৈতিক মহলে নতুন জল্পনা জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে , ফিরে যাচ্ছেন পুরনো পেশায়, আপাততঃ কলকাতায় থাকবেন প্রাক্তন মেয়র

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৫ সেপ্টেম্বরঃ বিধান সভা নির্বাচন শেষ হওয়ার পরে, আসানসোল শিল্পাঞ্চল তথা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রাজনীতির ময়দানে বেশ সক্রিয় ছিলেন। শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হচ্ছিলেন। আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সমালোচনাও করতে পিছপা হননি। সোশাল মিডিয়াতেও বেশ আক্রমণাত্মক ছিলেন। তিনি আর কেউ নন জিতেন্দ্র তেওয়ারি।
কিন্তু আগষ্ট মাস থেকে তাকে আর সেই ভূমিকায় দেখা যাচ্ছে না। এই মুহুর্তে তিনি আসানসোল ছেড়ে কলকাতায় রয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসে তার আসানসোলে ফিরে আসার সম্ভাবনা কম। তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের প্রথমে তিনি আসানসোলে ফিরতে পারেন।


এরমধ্যে আরো উল্লেখ যোগ্য বিষয় হলো, সোশাল মিডিয়ায় নিজের ছবি সহ প্রোফাইলের সবকিছুর আমুল পরিবর্তন করেছেন একসময়কার জেলার দাপুটে তৃনমুল কংগ্রেসের নেতা জিতেন্দ্র তেওয়ারি। এখন ঐসব কিছুই অতীত।
আসানসোলের পুরনিগমের প্রাক্তন মেয়র বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র কুমার তেওয়ারি বর্তমানে রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখছেন বলে মনে করছেন অনেকেই । এইসব কিছুই কি নতুন কোনো সমীকরণের লক্ষণ? এ নিয়ে রাজনীতির অন্দরমহলে আলোচনা চলছে পুরোদমে।


গত বিধান সভা নির্বাচনের ঠিক মুখে তিনি তৃনমুল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। তার আগে তিনি ছেড়েছিলেন পুরনো দলের দেওয়া সব পদ। বিধানসভা নির্বাচনের পর তাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে দেখা যায়। এরপর তিনি আসানসোলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন। পরপর বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলনেও করেন বিজেপি বিধায়ক, জেলা নেতা ও আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে। কিছুদিন আগে বিজেপির মিছিলেও তাকে দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে তাকে রাজনৈতিকভাবে সক্রিয় হতে দেখা যায়নি। হঠাৎই উধাও হয়ে যান।


এখন তিনি সোশ্যাল মিডিয়ায় করা তার পোস্টে কোন রাজনৈতিক দলের কথা উল্লেখ করছেন না। জিতেন্দ্র কুমার তেওয়ারি শুধু লিখছেন। গত ২৬ আগস্ট তিনি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার বিষয়টিও লেখেন। তারপর থেকে তিনি আসানসোলে আসেননি।


তার ঘনিষ্ঠ সূত্রে আরো জানা গেছে, তিনি এখন খুব কমই আসানসোলে আসবেন। আসানসোলে কম থাকলে তার রাজনীতির ভবিষ্যতই বা কি হবে? তিনি এই আসানসোলের মেয়র, জেলার পান্ডবেশ্বরের বিধায়ক ও শাসক দলের জেলা সভাপতি ছিলেন। এই আসানসোলই তার রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু সেই আসানসোল থেকে হঠাৎ করে চলে যাওয়া, তার রাজনীতি থেকে কি বিদায় বা সন্ন্যাস নেওয়ার লক্ষণ। নাকি কলকাতায় থেকে নতুন করে কিছু ভাবনা রয়েছে। কোন কিছু নিয়ে তিনি সরাসরি কোন মন্তব্য করতে চাননি।


এদিকে, এখন বিজেপি থেকে তৃনমুল কংগ্রেসে ” ঘর ওয়াপসি ” পালা চলছে। গত পাঁচ দিনে তিনজন বিজেপি বিধায়ক তৃনমুল কংগ্রেসে ফিরেছেন। আরো কয়েকজন বিধায়কও পা বাড়িয়ে আছেন। তারা পুজোর পরে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এমন সময়ে জিতেন্দ্র তেওয়ারির আসানসোলের রাজনীতি থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া অনেক প্রশ্ন তুলছে। আগামী দিনে তিনি রাজনীতিতে থাকবেন, না কি অবসর নেবেন, তা তো সময়ই বলবে। কিন্তু হঠাৎ করে যেভাবে তিনি রাজনৈতিক মঞ্চ থেকে সরে গেছেন, তা কি শান্তি, নাকি অন্য কিছু।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *