মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে দুর্গাপুরে পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার খতিয়ে দেখলেন প্রবেশপথ, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আগামী ১৪ অক্টোবর, চতুর্থীর দিন দুর্গাপুরে দুর্গাপুজোর উদ্বোধনে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন পুজো মণ্ডপে। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম শংকরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। মুখ্যমন্ত্রীর আসা এবং পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের বিপুল ভিড়ের কথা মাথায় রেখে মঙ্গলবার শংকরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার।











পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন। গত বছরও শংকরপুরের এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবছর আরও পরিকল্পিতভাবে ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা যাতে সুষ্ঠু ও নিরাপদে মণ্ডপে প্রবেশ করতে পারেন এবং কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিষয়গুলিই বিশেষভাবে পরিদর্শন করেন পুলিশ কমিশনার।
পাশাপাশি দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত এবং সুশৃঙ্খল ব্যবস্থা রয়েছে কি না, মণ্ডপে যাতায়াতের পথে যানজটের সম্ভাবনা কোথায় রয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখেন তিনি। পুজোর কয়েকদিনে বাড়তি ভিড় সামলাতে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়েও আধিকারিকদের পাশাপাশি উদ্যোক্তাদে সঙ্গে আলোচনা করেন পুলিশ কমিশনার।পরে তিনি বলেন, বিগ বাজেটের সব পুজোর নিরাপত্তা ব্যবস্থা সহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।


