সাহিত্যিক জগন্নাথ সামন্ত প্রয়াত, শিল্পাঞ্চলে শোকের ছায়া
বেঙ্গল মিরর, আসানসোল: সাহিত্যিক জগন্নাথ সামন্ত প্রয়াত, শিল্পাঞ্চলে শোকের ছায়া । শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ মিত্র জানান অজাতশত্রু অমায়িক প্রাণবন্ত চির-যুবক সাহিত্যিক জগন্নাথ সামন্ত ( Jagannath Samanta ) আমাদের ছেড়ে চলে গেলেন ৷ আজ ঠিক বেলা বারটায়, সুর্য যখন আমাদের মাথার ওপর ৷ এই সুলেখক মানুষটি 1944 সালে 14 ই মার্চ বর্ধমান জেলা মন্তেশ্বর থানায় সরিষাডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন ৷ ব্যবসায়িক জীবন ৷











সাহিত্য ও সংস্কৃতির প্রতি প্রেম অফুরন্ত ৷ আসানসোল গ্রাম, যা পরিচিত আগুরি পাড়া নামে, শেষ জীবন অবধি এখানেই তাঁর নিবাস ৷ তাঁর রচিত প্রচুর গ্রন্থের মধ্যে অন্যতম রচনা গবেষণামূলক গ্রন্থ ‘আসানসোলের ইতিহাস’ প্রথম ও দ্বিতীয় খন্ড ;



মূলত এই গ্রন্থটির মাধ্যমেই আমরা আসানসোলের সপ্তদশ শতকের প্রথমার্দ্ধে আসানসোলের অপেক্ষাকৃত প্রথম আধুনিক সভ্যতার যে বীজ বপন হয়েছিল এই আসানসোল গ্রামে এবং যে বসতি গড়ে উঠেছিল, তার নাড়িনক্ষত্র জানতে পারি ৷ সমগ্র আসানসোল সম্বন্ধে তার জ্ঞান নখদর্পণে থাকলেও আসানসোল গ্রামকে কেন্দ্র করে আসানসোলের দক্ষিণাঞ্চলের ইতিহাস মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন ৷ তিনি আসানসোলসহ বর্ধমানের বহু অজানা ইতিহাস পাঠকের সামনে তুলে ধরেছেন ৷ ভাল কবি ও গল্পলেখকও ছিলেন ৷
বলতে দ্বিধা নেই, তাঁর সঙ্গে আমার পরিচয় কয়েক বছর মাত্র ৷ কিন্তু এই কয়েকদিনের ভিতর তিনি আপন মনের মাধুরী মিশিয়ে আমাকে এত কাছে টেনে নিয়েছিলেন মনে হয় কত যুগ যুগ ধরে তাঁকে চিনি ৷ অতি সৌভাগ্য একটি সংকলন গ্রন্থে “আসানসোল ; ইতিহাস ও সংস্কৃতি” তাঁর জীবনের সর্বশেষ অনবদ্য লেখাটির পাশে আমার মত ক্ষুদ্র মানুষও স্থান পেয়েছে ৷ এই স্মৃতিটুকুই আমার পাথেয় ৷

