Thursday, August 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, August 20, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল পুরনিগম : তৃণমূল কাউন্সিলারের চিঠি সই করে সমর্থন দুই বিরোধীর

চলতি মাসের বোর্ড বৈঠকে ছয়টি বিষয়ে আলোচনা চেয়ে তৃণমূল কাউন্সিলারের চিঠি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ চলতি নভেম্বর মাসের আসানসোল পুরনিগমের মাসিক বোর্ড বৈঠকে ছয়টি বিষয়ে আলোচনা চেয়ে চিঠি দিলেন শাসক দল তৃনমুল কংগ্রেসের এক কাউন্সিলার। সেই ছয়টি বিষয়ে আলোচনায় সমর্থন করে তৃনমুল কংগ্রেসের কাউন্সিলারের লেখা চিঠিতে সই করেছেন পুরনিগমের দুই বিরোধী দল বিজেপি ও কংগ্রেসের দুই কাউন্সিলার। যা নিয়ে অবশ্যই আসানসোল পুরনিগম এলাকার রাজনীতিতে বেশ শোরগোল পড়েছে। জানা গেছে, আগামী ১৩ নভেম্বর হতে চলেছে চলতি মাসের আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠক। আসানসোলে ৪১নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রণবীর সিং ভররা ওরফে জিতু সিং সম্প্রতি পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে ঐ বৈঠকে ছয়টি বিষয়ে নির্দিষ্ট করে আলোচনার জন্য দাবি জানিয়েছেন । তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সেই চিঠিতে থাকা দাবিগুলোকে সমর্থন জানিয়ে সই করেছেন ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত ও ২৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবর।

এই নিয়ে কংগ্রেস কাউন্সিলর গুলাম সরবর বলেন, শাসক দলের কাউন্সিলার জিতু সিং যে প্রধান ও প্রথম দাবি লিখিতভাবে আলোচনার জন্য দাবি করেছেন, সেটা আমরা বিরোধীরা বহুদিন ধরেই বলে আসছি। তিন বছর হয়ে গেল পুরনিগমের পিএসি বা পাবলিক একাউন্টস কমিটি তৈরি হয়নি। এই কমিটির চেয়ারম্যানও ঘোষণা করা হয়নি। এই কমিটির চেয়ারম্যানের পদ বিরোধীদের প্রাপ্য । পাবলিক অ্যাকাউন্ট কমিটি নিয়মিত বৈঠক করলে অনেক আর্থিক দুর্নীতি ধরা পড়বে। আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা আসবে ও শৃঙ্খলা থাকবে। তিনি দাবি করে আরো বলেন, এর আগে তাপস ঘোষ বলে এক পুর কর্মীর বিরুদ্ধে প্রায় কোটি টাকার কেলেঙ্কারি অভিযোগ উঠেছিল। তাকে গ্রেফতার করা হয়। পরে এখান থেকে তিনি চলে যান। কিন্তু সেই টাকা আজও ফেরত আসেনি। একইভাবে কুলটি বোরো অফিসের একজন কর্মী প্রায় ৮৭ লক্ষ টাকা দুর্নীতি করেছে। ঐ টাকাও পুরনিগম এখনো পায়নি। আসানসোল পুরনিগমের আওতাধীন বিভিন্ন পার্কিং থেকে আদায় করা লক্ষ লক্ষ টাকা অনেকে পুরনিগমে জমা দেয়নি। সেই টাকা আদায় করা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও প্রকাশ্যে আসেনি।

জিতু সিং তার ছয়টি দাবির মধ্যে সম্প্রতি শহরের একটি ব্যাংকের শাখায় থাকা পুরনিগমের একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া প্রসঙ্গ টেনে পুরনিগমের সব ব্যাংক একাউন্টের তথ্য নিয়ে মাসিক বোর্ড বৈঠকে আলোচনার দাবি জানিয়েছেন।এই প্রসঙ্গে বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্ত বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ও সময়োচিত দাবি। তার সব কটি দাবিকেই আমরা সমর্থন জানাচ্ছি। আলোচনার মাধ্যমে এইসব প্রকাশ্যে আসুক। শিখ (পাঞ্জাবি) একাডেমির জন্য তহবিল বরাদ্দ করার দাবিও অবশ্যই সমর্থনযোগ্য।ভোট ও রাজনীতির ময়দানে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস ও দুই বিরোধী দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দেখা গেলেও আসানসোলে পুরনিগমের ক্ষেত্রে এক নতুন নিদর্শন তৈরি করতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা। যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের দামকে কংগ্রেস ও বিজেপির কাউন্সিলররা সমর্থন করে আলোচনা চাইছেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে তিন দলের জেলা নেতৃত্বর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *