জেলে কেউ থাকেনা, জেলে এলে মানুষ ছাড়াও পায়, আমিও ছাড়া পাব”, বললেন অনুব্রত মণ্ডল
নিয়ে যাওয়া হলো বিধাননগর আদালতে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বাম আমলে ২০১০ সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি মামলায় আসানসোল সংশোধনাগার বা জেল থেকে শুক্রবার সকালে বিধাননগর আদালতের এমপি এমএলএ কোর্টে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডল গত ২৪ আগষ্ট থেকে আসানসোল জেলে রয়েছেন।
এদিন সকাল ঠিক ৬ টা ৪২ নাগাদ আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিনটি গাড়ির কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা হয় আসানসোল জেল থেকে ।














অনুব্রত দেখতে জেলের বাইরে উৎসুক কিছু মহিলার ভীড় লক্ষ্য করা যায়।
তারা কেউ কেউ বলেন, এতদিন টিভির পর্দায় দেখে এসেছি অনুব্রত মণ্ডলকে। তাই সামনে থেকে চাক্ষুষ দেখতেই দাঁড়িয়ে রয়েছি সবাই। আমাদের দেবতা গরু। সেই গরুকে পাচার করা হয়েছে বলে অভিযোগ এর বিরুদ্ধে। তাই তাকে আমরা দেখতে এসেছি।
বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হবে।
এদিন এই প্রসঙ্গে
জেল থেকে বেরোনোর সময়
অনুব্রত মন্ডলকে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, জেলে কেউ থাকেনা, জেলে এলে মানুষ ছাড়াও পায়। আমিও ছাড়া পাব।” মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, দিদি বলেছেন, এটাই এনাফ। অনুব্রত মন্ডলকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়াকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো আসানসোল বিশেষ সংশোধনাগরের মূল ফটকের বাইরে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল জেল চত্বরে ।

