Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

বিরোধীদের যোগাভ্যাসের পরামর্শ মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের ‘হইচই নয়, যোগ করলে মানসিক শান্তি আসবে

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে আসানসোল ইন্ডোর স্টেডিয়ামে রৌশনি যোগা সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। তিনি বলেন, যোগ মানুষের শরীর ও মনের শান্তি বজায় রাখতে সাহায্য করে এবং বিরোধী শিবিরের উদ্দেশেও যোগাভ্যাস করার পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, এই বছর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। পশ্চিমবঙ্গ যে পথ দেখিয়েছে, তা শুধু দেশের নয়, গোটা ভারতবাসীর অনুসরণ করবে। নির্বাচনে পশ্চিমবঙ্গ যে দিশা দেখিয়েছে, তা অন্যান্য রাজ্যের কাছেও অনুকরণীয় হয়ে উঠুক।


যোগের প্রসঙ্গে তিনি বলেন, “যোগ মানসিক শান্তি দেয়। এই সময় বিরোধী পক্ষ খুব অশান্ত। তাঁদের বলব, বাড়িতে বসে যোগাভ্যাস করুন, শান্তি আসবে। হল্লা-গুল্লা করে, চেঁচামেচি করে বা ঝামেলা করে কোনও লাভ নেই। নিয়মিত যোগাভ্যাস করুন, ধীরে ধীরে আপনাদের মনেও শান্তি ফিরে আসবে।

এদিন আসানসোল ইন্ডোর স্টেডিয়ামে মহিলা পরিচালিত রৌশনি যোগা সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক মহিলা, তরুণী ও কিশোরী যোগাভ্যাসে অংশ নেন। উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের প্রদর্শনীর মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমিয়ে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করে। মহিলাদের ও কিশোরীদের মধ্যে যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে রৌশনি যোগা সেন্টারের এই উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সম্প্রীতি এবং নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *