Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলে বেআইনি দখলদার উচ্ছেদে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ, তিন পুর আধিকারিককে শোকজ কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের বাজার লাগোয়া পার্কিং জোনে থাকা বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিতর্কের আবহের মধ্যে সরকার তথা রাজ্যের মন্ত্রীর নির্দেশ অমান্য করার অভিযোগে পুরনিগমের তিন আধিকারিককে শোকজ করা হলো। শনিবার দুপুর আসানসোল পুরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার তথা প্রশাসনের অনুমোদিত সিদ্ধান্ত ও মন্ত্রীর নির্দেশ অমান্য করে কোনও পদক্ষেপ নেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। তিনজনের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে তিন আধিকারিকদের বিরুদ্ধে সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার মুখোমুখিতে পাওয়া অভিযোগের ভিত্তিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে রাস্তার ধারে অবৈধভাবে বসা দোকানগুলিকে নোটিস দেওয়া হবে। তাদেরকে ১৫ দিন সময় দেওয়া হবে। দুর্গাপুজো ও ছটপুজোর কথা মাথায় রেখে বাজারের ভিতরের পুরনো হকারদের আপাতত উচ্ছেদ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তাদেরকে ১০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে।

কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আসানসোল পুরনিগমের তিন আধিকারিকের উদ্যোগে কিছু দোকান ভেঙে ফেলা হয়েছে।অগ্নিমিত্রা পাল বলেন, ৯ জুলাই বৃহস্পতিবার নোটিশ দেওয়া হয়েছিল। তার পরেও ১০ জুলাই শুক্রবার কিভাবে উচ্ছেদ অভিযান চালানো হল, সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে। এই কারণেই তাঁদের শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে কিছু অসাধু আধিকারিক বা কর্মী ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকতে পারেন।

বিষয়টি নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, যাঁরা অন্যায় করেছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনও চেষ্টা করা হবে না। যা তৃণমূল কংগ্রেসের জমানায় হতো।একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, পুরনো হকারদের তালিকা তৈরি করে তাঁদের নতুন বাজারে স্থান দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কেন্দ্র সরকারের পিএম স্বনিধি প্রকল্পের আওতায় এনে স্বল্প সুদে ঋণের সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারেন। জেলাশাসক ও প্রশাসক গোটা বিষয়টি দেখছেন।ফুটপাত ও রাস্তা দখল নিয়ে কড়া বার্তা দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। বড় দোকান হোক বা ছোট ব্যবসায়ী, কেউই ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। তবে সরকারের উদ্দেশ্য উচ্ছেদ নয়।পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। তা আমরা করবো। এর পাশাপাশি শহর সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *