ASANSOLDURGAPUR

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ, ছবিতে জুতোর মালা ও ডিম.

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। সোমবার সকালে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান।বিক্ষোভ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ জানানো হয়। এরপর সেই ছবিতে ডিম ছোঁড়েন বিজেপি কর্মীরা। রাজ্য সরকারের সমর্থনে ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও তোলা হয়।

বিজেপি নেতৃত্বর অভিযোগ, সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে, “২০৩১ সালে বিজেপি ক্ষমতায় না থাকলে রাজ্যের সমস্ত বিজেপি পার্টি অফিস ভেঙে দেওয়া হবে। বিজেপির নেতৃত্বর দাবি, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং রাজনৈতিকভাবে উসকানিমূলক।বিক্ষোভে উপস্থিত বিজেপি ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন শীর্ষ নেতার মুখে এ ধরনের বক্তব্য শোভা পায় না। তাঁর অভিযোগ, এ ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও অশান্ত করে তুলতে পারে।

তিনি বলেন, ছবিতে জুতোর মালা পরানো ও ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো হয়েছে । ভবিষ্যতেও যদি এ ধরনের মন্তব্য করা হয়, তবে বিজেপি বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবে।বিক্ষোভ চলাকালীন এলাকায় পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হয় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *