Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

পাণ্ডবেশ্বরে গাড়ি ঘিরে হামলা, ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ডাকাতির তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ডাকাতির তদন্তে গিয়ে আবারও আক্রান্ত পুলিশ ! চার ধৃত দুষ্কৃতিকে নিয়ে থানায় ফেরার পথে পুলিশের গাড়ি ঘিরে হামলা, ভাঙচুর এবং ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শনিবার রাতে উত্তপ্ত হলো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের নবগ্রাম। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন দু’জন পুলিশ কর্মী। রাতের ঘটনার পরে রবিবার ফের এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। চলে অভিযান। পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত একটি ডাকাতির তদন্তকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে জানা গেছে, অন্ডাল থানার পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে পাণ্ডবেশ্বরের নবগ্রামে শনিবার রাতে অভিযান চালায়। তদন্তের সূত্র ধরে চারজনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিয়ে পুলিশ গাড়িতে করে এলাকা থেকে বেরিয়ে আসার সময় আচমকাই রাস্তা আটকে দাঁড়ান এলাকার বাসিন্দাদের একাংশ।

অভিযোগ, মুহূর্তের মধ্যেই পুলিশের গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের উপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। এমনকি পুলিশের হেফাজতে থাকা চার ধৃতকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন দু’জন পুলিশকর্মী।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশবাহিনী। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও নবগ্রাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সকাল থেকেই এলাকায় শুরু হয় জোরদার পুলিশি টহল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্টের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।ডাকাতির তদন্তে পুলিশের হাতে ধৃতদের থানায় নিয়ে ফেরার পথেই পুলিশের উপর এমন হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি ধৃতদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেই পুলিশের গাড়ি ঘিরে হামলা চালানো হয়েছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে পুলিশ।এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, একটি ডাকাতির ঘটনার তদন্ত করছিল পুলিশ।

সেই তদন্তের ভিত্তিতেই এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের নিয়ে আসার সময় এলাকার মানুষ পুলিশের গাড়ি আটকায় এবং পরে পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। ঘটনায় দু’জন পুলিশকর্মী অল্পবিস্তর আহত হয়েছেন। এরপর রবিবার পুলিশ ফের অভিযানে নামে। রাতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *